দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা নিয়ে দুই দেশের অবস্থানে আবারও স্পষ্ট অমিল দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সীমিত পরিসরে আলোচনা করছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দুই দেশ বর্তমানে সরাসরি কোনো আলোচনায় নেই।
রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে খুব সীমিতভাবে আলোচনা করছে এবং দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। ইরানের উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কথাও উল্লেখ করেন তিনি।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে ইরানের নতুন কিছু দাবির মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এলো। তিনি বলেন, শেষ পর্যন্ত বিষয়টির সমাধান হবে। এটি অনেকটা দাবা খেলার মতো বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে তেহরানের অবস্থান ভিন্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করে চললে নতুন করে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়।
রোববার তিনি বলেন, ইরানের দৃষ্টিতে ওই সমঝোতার লঙ্ঘনগুলোর সমাধান না হওয়া এবং সমঝোতা লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আলোচনায় ফেরার কোনো সুযোগ নেই।
তবে আরাগচি জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। এসব মধ্যস্থতাকারী নতুন করে আলোচনা শুরুর পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।
ফলে ট্রাম্পের সীমিত আলোচনা চালিয়ে যাওয়ার বক্তব্য এবং তেহরানের সরাসরি আলোচনা বন্ধ থাকার দাবি থেকে বোঝা যাচ্ছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ না হলেও আনুষ্ঠানিক আলোচনার ক্ষেত্রে এখনো বড় ধরনের অচলাবস্থা রয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/